
আন্তর্জাতিক ডেস্কঃ শনিবার (০৩ এপ্রিল) ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় ৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত ও আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। রাজ্যটির বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনী অভিযান চালাতে গেলে তাদের উপস্থিতি টের পেয়ে হামলা চালায় অস্ত্রধারীরা। এতে ঘটনাস্থলেই নিহত হন নিরাপত্তা বাহিনীর ৫ সদস্য। এসময় পাল্টা গুলিতে অস্ত্রধারী এক নারীও নিহত হন এবং মাওবাদীদের বেশ কয়েকটি আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলেও জানায় স্থানীয় একটি গণমাধ্যম। এদিকে আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার স্বার্থে এদের হেলিকপ্টারে করে রায়পুরে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও গত ২৪ মার্চ ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহনকারী একটি বাসে হামলা চালায় মাওবাদী বিদ্রোহীরা। এতে ৪০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য বহনকারী বাসটিতে বিস্ফোরণ ঘটানো হলে পাঁচজন নিহত এবং ১৫ জন আহত হন।
উল্লেখ্য, চীনা বিপ্লবের নেতা মাও সেতুং-এর অনুপ্রেরণায় চার দশকের বেশি সময় ধরে ভারত সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে মাওবাদীরা। বর্গাচাষি, দরিদ্র ও আদিবাসী সম্প্রদায়ের জন্য জমি ও কাজের দাবিতে তাদের এই সশস্ত্র লড়াই। ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য মাওবাদীদের সবচেয়ে বড় হুমকি হিসেবে ঘোষণা করেছে দিল্লি। কয়েক হাজার সশস্ত্র যোদ্ধা নিয়ে ছত্তিশগড়ের বিশাল পাহাড়ি এলাকা নিয়ন্ত্রণ করে আসছে মাওবাদীরা।