
আন্তর্জাতিক ডেস্কঃ দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে সাইক্লোন সেরোজার আঘাতে হঠাৎ বন্যা ও ভূমিধসে অন্তত ৭৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। এখনো নিখোঁজ আছেন অনেকে। রোববার (৪ এপ্রিল) ইস্টার সানডের সকালে ঘুম থেকে ওঠার আগেই ক্যাথলিক সংখ্যাগরিষ্ঠ এলাকা ফ্লোরস আইল্যান্ডে আকস্মিক বন্যা দেখা দেয় বলে জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। ওইদিন ৪৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করলেও সোমবার (৫ এপ্রিল) মৃতের সংখ্যা বেড়ে ৭৬ জনে দাঁড়িয়েছে বলে জানাচ্ছে ইন্দোনেশীয় সরকারের দায়িত্বশীলরা।
সাইক্লোনের প্রভাবে বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি, ভেঙে গেছে সড়ক, উপড়ে পড়েছে অসংখ্য গাছগাছালি, দেখা দিয়েছে বন্যা ও ভূমিধস। দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা সোমবার জানিয়েছে পূর্ব নুসা তেনগারা প্রদেশেই অন্তত ৫৫ জনের মৃত্যু এবং ৪০ জন নিখোঁজ রয়েছেন। এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৪শ’র বেশি মানুষকে। ইন্দোনেশিয়ার সঙ্গে যৌথভাবে থাকা পূর্ব তিমুর অংশে ভূমিধসে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। সেখান থেকে উদ্ধার করা হয়েছে দেড় হাজারের বেশি মানুষকে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন মৃতের সংখ্যা আরো বাড়তে পারে, কারণ প্রত্যন্ত এলাকায় এখনো বৃষ্টি এবং পানির সঙ্গে স্থানীয়রা লড়ছেন।