
আন্তর্জাতিক ডেস্কঃ মমতা ব্যানার্জি ক্ষমতায় এলে পশ্চিমবাংলার আরো উন্নতি হবে বলে মন্তব্য করেছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের পত্নী জয়া বচ্চন। গতকাল সোমবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারে নেমে এ কথা বলেন এই বলিউড অভিনেত্রী। কলকাতায় প্রচারের শুরুতেই এই অভিনেত্রী বলেন, মমতাদির জন্য ভালোবাসা ও সম্মান। এখানে অভিনয় করতে আসিনি। মমতা ব্যানার্জির লড়াইকে সম্মান করি।’ প্রচারের আগে তৃণমূল কংগ্রেস ভবনে বৈঠক করেন জয়া বচ্চন। সেখানে তিনি বলেন, ‘একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়ছেন মমতা। তিনি ফের ক্ষমতায় এলে বাংলার আরো উন্নতি হবে।’ বিরোধীদের উদ্দেশে জয়া বলেন, ‘মমতাকে যারা পছন্দ করেন না, তাদের বলব লজ্জা লজ্জা।’ বাংলায় তাকে প্রচারের জন্য পাঠানোয় সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদবকে ধন্যবাদ জানান তিনি।