
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে কৃষ্ণাঙ্গ ব্যক্তি জর্জ ফ্লয়েডকে হত্যা করে পুলিশ কর্মকর্তা ডেরেক চাওভিন নীতি লঙ্ঘন করেছেন বলে আদালতে সাক্ষ্য দিয়েছেন শহরের পুলিশ প্রধান মিডারিয়া এরাডোনডো। পুলিশ প্রধান মিডারিয়া আদালতে বলেন, ফ্লয়েডকে গ্রেফতারের সময় ওই পুলিশ কর্মতর্কার বল প্রয়োগ করা একেবারেই উচিত হয়নি। তার দায়িত্বের সঙ্গে এটি সাংঘর্ষিক এবং নীতি ও আদর্শের পরিপন্থি। ডেরেক ছাড়াও আরও তিন পুলিশ কর্মকর্তা গত বছরের মে মাসে জর্জ ফ্লোয়েড হত্যায় জড়িত ছিলেন।
সোমবার ষষ্ঠ দিনের মতো শুনানি হয়। আরও টানা কয়েক দিন এ শুনানি চলবে। ২০২০ সালের মে মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস অঙ্গরাজ্যের মিনেসোটায় পুলিশি নির্যাতনে মারা যান জর্জ ফ্লোয়েড। তাকে গলায় হাঁটুচাপা দিয়ে মারা হয়। যার ব্যাপ্তি ছিল প্রায় ৯ মিনিট। বিবিসি জানায়, ওই পুলিশ কর্মকর্তা আদালতে দাবি করেন, মাদক গ্রহণ করার কারণে তার মৃত্যু হয়েছে। তিনি তাকে মারতে চাননি। এ ঘটনায় যে চারজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, ৪৫ বছর বয়স্ক ডেরেক চাওভিন তাদের মধ্যে প্রধান আসামি। চাওভিন তার বিরুদ্ধে আনা হত্যার অভিযোগ অস্বীকার করেছেন। দোষী সাব্যস্ত হলে এ মামলায় তার ৪০ বছর পর্যন্ত সাজা হতে পারে। তাকে ইতোমধ্যে পুলিশ বাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে।