
আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পেতে মরিয়া হয়ে উঠেছে ভারত। গতকাল মঙ্গলবার দিল্লিতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ভারতের পক্ষে নেতৃত্ব দেন এস জয়শঙ্কর ও রাশিয়ার পক্ষে সের্গেই ল্যাভরব। বৈঠকে এস-৪০০ পেতে প্রশ্ন তোলেন ভারতীয় কূটনীতিকরা। খবর এনডিটিভি’র। ভারতীয় খবরে বলা হয়েছে, দিল্লিতে বৈঠকের পর সামরিক-প্রযুক্তিগত সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া। বৈঠক শেষে এস জয়শঙ্কর জানিয়েছেন, পরবর্তীতে প্রতিরক্ষা মন্ত্রীরা এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করবে। ভারতের পরিকল্পনা রয়েছে এস-৪০০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার কাছ থেকে এবছরের ডিসেম্বরেই বুঝে নেবে। তবে এতে তুরস্কের মতো মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকি ভারতের ওপর বেড়ে চলছে। রাশিয়ার কাছ থেকে সামরিক সরঞ্জামাদি কেনার কারণে ২০১৭ সালে ভারতকে কোনো ছাড় দেয়নি ট্রাম্প প্রশাসন। তবে মার্কিন ওয়েবার আইন অনুযায়ী বাইডেন প্রশাসনও একই নীতি অবলম্বন করতে পারেন।