
আন্তর্জাতিক ডেস্কঃ করোনায় আবারও ইতালিতে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। দু’দিনে দেশটিতে মারা গেছে এক হাজারের বেশি মানুষ। এদিকে, রেস্টুরেন্টসহ ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে ইতালি জুড়ে চলছে বিক্ষোভ। সংক্রমণ কমলে ধীরে ধীরে সবকিছু খুলে দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। লকডাউনের আদলে এপ্রিল মাস পুরোটাই রেড ও অরেঞ্জ জোনে থাকবে ইতালি। ফলে রেস্টুরেন্টসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সহজেই খুলছে না। কিন্তু এর প্রতিবাদে দেশজুড়ে চলছে বিক্ষোভ সমাবেশ। কর্মহীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ।
এ অবস্থায় বৃহস্পতিবার (৮ এপ্রিল) এক সংবাদ সম্মেলেনে ধীরে ধীরে সবকিছু খুলে দেয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। তবে দিনক্ষণ কিছুই উল্লেখ করেননি তিনি।মারিও দ্রাঘি বলেন, আমি জানি অর্থনীতির চাকা চালু রাখতে সবকিছু খুলে দেয়া উচিত। কিন্তু মহামারির এ মুহূর্তে আমরা ধৈর্যধারণ করছি। ধীরে ধীরে সবকিছু খুলে দেয়া হবে; কিন্তু শুরু করার দিনক্ষণ এখনও বলতে পারছি না। সবচেয়ে ক্ষতিগ্রস্তদের ভ্যাকসিন দিতে হবে। ভ্যাকসিনকে অবহেলা করা ঠিক হবে না। এদিকে, অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন গ্রহণে ইতালির সাধারণ মানুষের মধ্যে অনীহা দেখা দিলেও দেশটিতে জনসন অ্যান্ড জনসন-এর এক ডোজের ভ্যাকসিনের প্রতি ক্রমেই আগ্রহ বাড়ছে।