
আন্তর্জাতিক ডেস্কঃ প্রায় এক বছর ধরে পূর্ব লাদাখে মুখোমুখি অবস্থানে ভারত ও চীনের সেনাবাহিনী। গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর পরিস্থিতি সবচেয়ে জটিল হয়ে ওঠে প্যাংগং হ্রদসংলগ্ন ফিঙ্গার এলাকাগুলোতে। সেখানেই অল্পের জন্য যুদ্ধের হাত থেকে রক্ষা পায় পরমাণু শক্তিধর দুই দেশ। তবে লাগাতার আলোচনার মাধ্যমে ফেব্রুয়ারি মাসে প্যাংগং থেকে সেনা সরিয়ে নিয়েছে দুই দেশ। কিন্তু এখনও গোগরা-হটস্প্রিং থেকে সেনা প্রত্যাহার করছে না চীন।
লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) সেনা প্রত্যাহার নিয়ে আলোচনা চালাতে আবার কোর কমান্ডার স্তরের বৈঠক হয় ভারত ও চীনের মধ্যে। গত শুক্রবার চুশুল সেক্টরে ভারতের দিকে বর্ডার মিটিং পয়েন্টে একাদশতম বৈঠকে বসেন দুই দেশের সেনা কমান্ডাররা। বৈঠকে ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন লেহর ১৪ কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল পি জি কে মেনন। বৈঠকে সীমান্তে সংঘর্ষের বাকি কেন্দ্র– দেপসাং সমতল, গোগরা ও হটস্প্রিং থেকে সেনা সরানো নিয়ে আলোচনা হয়।