
আন্তর্জাতিক ডেস্কঃ চীনের সঙ্গে সীমান্ত সমস্যা মেটেনি এখনো। বৈঠকের পর বৈঠক হলেও সমাধানে আসছে না কোনো দেশই। এর মধ্যে এবার দেশের পানি বিদ্যুতের উৎপাদন ৩ গুণ বাড়াতে ভারতের ব্রহ্মপুত্র নদের প্রবাহের ওপর তিব্বতে দানবাকৃতি বাঁধ বানাতে চলেছে শি জিনপিংয়ের দেশ। এ খবরে উদ্বিগ্ন পরিবেশবিদ থেকে শুরু করে নরেন্দ্র মোদি সরকার।
শোনা যাচ্ছে, চীনকে পাল্টা জবাবে দিল্লিও ব্রহ্মপুত্র নদের নিচের দিকে আর একটা বাঁধ বানানোর কথা ভাবছে। দুটি বাঁধই ভূকম্পপ্রবণ ব্রহ্মপুত্র নদের লাগোয়া এলাকায় তীব্র ভূমিকম্পের আশঙ্কা বাড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাঁধ দুটির জন্য বহু মানুষকে আশ্রয়চ্যূতও হতে হবে বলে আশঙ্কা করা হচ্ছে।z