
আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। দেশটির নাতাজ পারমাণবিক কমপ্লেক্সে এই হামলা হয়। ফলে কেন্দ্রটিতে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। ইরান বলেছে, ‘এর জবাব দেওয়ার অধিকার তাদের আছে’। খবর বিবিসি’র। তবে এ ঘটনার পেছনে ইরান কাদের দায়ী করছে এবং কিভাবে এর জবাব দিতে চায়, তা পরিষ্কার করেনি।
ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান আলি আকবর সালেহি বলেছেন, ‘নাতাজ পরমাণু সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলার মাধ্যমে ইরান বিরোধীদের অক্ষমতারই প্রকাশ ঘটেছে। এ ঘটনা তারাই ঘটিয়েছে, যারা ইরানের ওপর থেকে পরমাণু চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উঠে যাক, তা চায় না।’ তিনি আরও বলেন, ‘এ হামলার জবাবে আন্তর্জাতিক সংস্থাগুলোর এবং আন্তর্জাতিক পরমাণু কমিশনের ভূমিকা দেখতে চায় ইরান।’