News71.com
 International
 12 Apr 21, 01:43 PM
 293           
 0
 12 Apr 21, 01:43 PM

পশ্চিমবঙ্গে সমাবেশে ৭৮ মিনিটে ১২৬ বার ‘দিদি’ ডাকলেন নরেন্দ্র মোদি।।

পশ্চিমবঙ্গে সমাবেশে ৭৮ মিনিটে ১২৬ বার ‘দিদি’ ডাকলেন নরেন্দ্র মোদি।।

আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রচারে গত শনিবার রাজ্যে দুই সমাবেশে অংশ নেন বিজেপি নেতা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শিলিগুড়িতে বক্তব্য রাখেন ৪৪ মিনিট আর কৃষ্ণনগরে ৩৪ মিনিট। সব মিলিয়ে ৭৮ মিনিট। আর এর মধ্যেই মোট ১২৬ বার মোদির গলায় শোনা যায় ‘দিদি’ ডাক।

শনিবার দুই বক্তব্যে কতবার দিদি বলেছেন মোদি তা গুনে দেখেছে আনন্দবাজার। দেখা গেছে, শিলিগুড়িতে ৪৪ মিনিটে ৬৮ বার আর কৃষ্ণনগরে ৩৪ মিনিটে ৫৮ বার দিদি ডেকেছেন তিনি। মোদির এমন ডাক নিয়ে কটাক্ষ করেছেন মমতা ব্যানার্জিও। গত মঙ্গলবার উত্তরবঙ্গের এক জনসভায় দেওয়া ভাষণে মমতা বলেন, ‘উনি রোজ “দিদি”, “ও দিদি” বলে ব্যঙ্গ করছেন। আমার তাতে কোনো সমস্যা নেই। আমার গুরুত্ব রয়েছে বলেই এসব করছেন।’

মমতা নিজের কোনো সমস্যা নেই বলে উল্লেখ করলেও দলের নারীনেত্রীরা এ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন। তাদের অভিযোগ, মুখ্যমন্ত্রীকে এমন ভঙ্গিতে ডেকে আদতে বাংলার নারীদের অসম্মান করছেন প্রধানমন্ত্রী। মেয়েদের টিপ্পনী কাটতে এ ধরনের বাচনভঙ্গি ব্যবহার করা হয় বলেও অভিযোগ করেন তারা। বিধানসভা নির্বাচনের প্রচারে মোদির মুখে খুব বেশি শোনা যাচ্ছে যে শব্দগুলো তার মধ্যে কাটমানি, তোলাবাজি, সিন্ডিকেট, তুষ্টিকরণ প্রভৃতি থাকলেও সবকিছুকে ছাপিয়ে যাচ্ছে ‘দিদি’।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন