
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। সে দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক কোটি ৩৪ লাখ ৮২ হাজার ৫৪৩ জন এবং মারা গেছে তিন লাখ ৫৩ হাজার ২৯৩ জন।
ব্রাজিলে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে আট হাজার ৩১৮ জন। জানা গেছে, সে দেশের হাসপাতালগুলোর নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি থাকা করোনা রোগীদের মধ্যে ৪০ বছরের কম বয়সীরাই বেশি। ব্রাজিলিয়ান আইসিইউ প্রকল্প নামে একটি গবেষণায় এ তথ্য জানা গেছে।
এ বছরের মার্চ মাসে ব্রাজিলে ৮০ বছরের বেশি বয়স্কদের নিবিড় পরিচর্যাকেন্দ্রে থাকার হার কমে এসেছে। সে দেশে বয়স্কদের বেশির ভাগই করোনা টিকা নিয়েছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, তরুণরা করোনায় আক্রান্ত হচ্ছে বেশি। তারা বাইরে বেশি বের হচ্ছে বলে এ ধরনের ঘটনা ঘটে থাকতে পারে।