
আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমবঙ্গে চলমান বিধানসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণকে কেন্দ্র করে কোচবিহার জেলার শীতলকুচিতে সহিংসতার ঘটনায় নিহত পাঁচজনের পরিবারের স্বজনদের সাথে দেখা করলেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নির্বাচন কমিশনের বেধে দেওয়া ৭২ ঘণ্টার মেয়াদ শেষ হতেই বুধবার কোচবিহারের মাথাভাঙায় যান মমতা। মাথাভাঙা হাসপাতালের পাশের মাঠে তৈরি হয় শহীদ মঞ্চ। সেখানেই নিহতদের পরিবারের সাথে দেখা করলেন তৃণমূল নেত্রী।
চতুর্থ দফার ভোটে নিহত ভোটার আনন্দ বর্মনের মামা ও দাদুও মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেন। নিহতদের স্বজনদের সাথে দেখা করার পর ওই ঘটনায় সুবিচারের আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, ‘সবার পরিবারের সাথে দেখা করেছি। আনন্দ বর্মনের স্বজনদের সাথেও দেখা করেছি। নির্বাচন মিটে গেলে রাজ্য সরকারের তরফ থেকে যা যা তদন্ত করার দরকার, তা করবো। দোষীদের সাজা হবে। আনন্দকে কারা মেরেছে, সেই খুনিদেরও ধরা হবে।’ নির্বাচনের পর শীতলকুচিতে শহীদদের জন্য শহীদ বেদি বানিয়ে দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন মমতা।