
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ২ লাখ ৭৫ হাজার ৩০৬ জন। সোমবার (১৯ এপ্রিল) টানা পঞ্চম দিনের মতো ২ লাখের বেশি এবং এখন পর্যন্ত সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হলো। বর্তমানে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৫০ লাখ ৫৭ হাজার ৭৬৭ জনে।
করোনা ভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (১৯ এপ্রিল) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ভারতে মারা গেছেন সর্বোচ্চ এক হাজার ৬২৫ জন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল এক লাখ ৭৮ হাজার ৭৯৩ জনে। ভারতে বর্তমানে আক্রান্ত অসুস্থ রোগীর সংখ্যা ১৯ লাখ এক হাজার ৬৪৫ জন এবং এই পর্যন্ত মোট সুস্থ হয়েছে এক কোটি ২৯ লাখ ৪৮ হাজার ৮৪৮ জন।