
আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে নিরাপত্তা বাহিনী ও তালেবান সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনায় ৮ জন নিহত হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) দেশটির উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ছয় জঙ্গি এবং নিরাপত্তা বাহিনীর দুই সদস্য রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাগলান প্রাদেশিক পুলিশ মুখপাত্র আহমেদ জাওয়াদ বাশারত।
বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে জানা যায়, সোমবার ভোরের দিকে গোলযোগপূর্ণ বাগলান-ই-মারকাজি জেলায় নিরাপত্তা ফাঁড়িতে তালেবান সদস্যদের হামলার পর উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং তা দুই ঘণ্টা ধরে চলে। এক পর্যায়ে তালেবানরা তাদের ছয়টি লাশ ফেলে রেখেই সেখান থেকে পালিয়ে যায়। এ সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর দুই সদস্যও প্রাণ হারায়। পুলিশ কর্মকর্তা বাশারত জানান, নিরাপত্তা বাহিনীর সদস্যরা বাগলান-ই-মারকাজি জেলা ও এর পার্শ্ববর্তী এলাকা থেকে জঙ্গিদের উৎখাত অভিযান অব্যাহত রাখবে।