
আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ায় বুধবার নিখোঁজ হয়ে যাওয়া সাবমেরিনটি ডুবে গেছে বলে ঘোষণা করেছে দেশটির নৌবাহিনী। জাহাজটির সন্ধানে যারা উদ্ধার তৎপরতা পরিচালনা করছিল তারা ওই জাহাজের কিছু জিনিসপত্র পেয়েছে এবং তা থেকেই ধারণা করা হচ্ছে যে সাবমেরিনটি ডুবে গেছে।
ধারণা করা হচ্ছে, সমুদ্রের যত গভীরে সাবমেরিনটি চলাচল করতে পারতো তার চেয়েও সাড়ে আটশো মিটার নিচে এটি তলিয়ে গেছে। বালি দ্বীপের কাছে সমুদ্রে টর্পেডো মহড়া চালানোর সময় এটি নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার সাথে সাথেই শুরু হয় উদ্ধার তৎপরতা। কারণ জাহাজটিতে যে পরিমাণ অক্সিজেন ছিল তা দিয়ে ক্ররা শনিবার সকাল পর্যন্ত বেঁচে থাকতে পারবে বলে ধারণা করা হচ্ছিল। ২১ এপ্রিল বালি দ্বীপের উত্তরে মহড়ার সময় ৫৩ নাবিকসহ সাবমেরিনটি নিখোঁজ হয়।