
আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমবঙ্গের তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় আজ শনিবার সাংবাদিক বৈঠকে নিরপেক্ষ ও স্বচ্ছভাবে নির্বাচন অনুষ্ঠানের আবেদন করেছেন। পাশাপাশি ভোট শেষ হয়ে গেলে সুপ্রিম কোর্টে মামলা করবেন বলেও হুমকি দিয়েছেন।
আজ ভারতের উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈনের সঙ্গে জেলা পুলিশ কর্মকর্তাদের একাংশের কথোপকথনের হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে আনেন মমতা। সাংবাদিকদের সাথে আলাপের সময় সেই তথ্য সামনে এনে নির্বাচন কমিশন কীভাবে পক্ষাপাতমূলক কাজ করছে, তাও একবার বোঝানোর চেষ্টা করেন। “আমরা ২০১৬ সালেও সহ্য করেছি। এবারও দেখছি। এই ভোট হয়ে যাওয়ার পর আমরা দেশের সর্বোচ্চ আদালতে যাব। কমিশন যাতে নিরপেক্ষভাবে ভোট করায়, তার আবেদন জানাব। আমরা একটু বেশি মাথা নত করে ফেলেছি, একটু বেশি সম্মান দিয়ে ফেলেছি,” বলেন মমতা।