
আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। আর সেই আবহে আজ বীরভূমের রামপুরহাট, মুর্শিদাবাদের বেলডাঙা এবং কলকাতার মানিকতলায় নিজের সভা বাতিল করলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সাথে বিজেপির তরফ থেকে জানিয়ে দেওয়া হলো শেষ দু’ফার ভোটগ্রহণের আগে অমিত শাহ আর কোন সভা করবেন না।
পশ্চিমবঙ্গে প্রথম থেকেই জনসভার থেকে বেশি রোড-শো করেছেন অমিত। গত ২২ এপ্রিল সন্ধ্যা থেকে আর রোড-শো করা যাবে না বলে নির্দেশ দেয় ভারতের নির্বাচন কমিশন। এর পরে সব রোড-শো-র সূচি বদলে জনসভা করা হয়। কমিশনের নির্দেশের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল সভা করবেন বলে জানায় বিজেপি। সেই ভার্চুয়াল বক্তৃতা শোনার জন্য যে ক’টি সভা হয়, তার সর্বত্রই সর্বোচ্চ ৫০০ জনের বসার ব্যবস্থা করে রাজ্য বিজেপি।