
আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমবঙ্গের নির্বাচনে অংশ নেয়া একাধিক তারকা প্রার্থীর ফোন নাম্বার ছড়িয়ে পড়েছে যোগাযোগমাধ্যম গুলোতে। একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তৃণমূল-বিজেপি নির্বিশেষে এবারের নির্বাচনে লড়ছেন এমন একাধিক প্রার্থীর মোবাইল নাম্বার ফাঁস করা হয়েছে।
এই তালিকায় মুকুল রায়, শুভেন্দু অধিকারী, বৈশালি ডালমিয়া, রাজীব বন্দ্যোপাধ্যায়দের মতো রাজনীতিবিদ থেকে শুরু করে রয়েছে রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, জুন মালিয়া, সায়ন্তিকা, সায়নী ঘোষ, কৌশানি, শ্রাবন্তী, বাবুল সুপ্রিয়,পার্নো মিত্রদের মতো তারকা প্রার্থীরাও। পোস্টে দাবি করা হয়েছে, যাঁরা মানুষের পাশে থাকার জন্য রাজনীতিতে এসেছেন, তাঁদের নম্বর প্রকাশ করা হয়েছে। মানুষ এবার তাঁদের সরাসরি ফোন করুক।
মধুরিমা তরফদার নামে এক নেটিজেন প্রথমে প্রার্থীদের ব্যক্তিগত ফোন নম্বরের তালিকাটি প্রকাশ করেন। তারপর সেটি নিজের ফেসবুকের দেওয়ালে শেয়ার করেন পরিচালক ইন্দ্রাশিস আচার্য। মানুষের কাজ করতে পারছিলেন না বলে যাঁরা রাজনীতিতে এসেছিলেন, সাধারণ মানুষের সঙ্গে তাঁদের যোগসূত্র স্থাপন করতেই নাকি এই পোস্টটি শেয়ার করেছেন তিনি।