
আন্তর্জাতিক ডেস্কঃ তাঁর পা ঠিক হয়ে গিয়েছে। এবার কলকাতায় বাড়ি ফিরেই প্লাস্টার কাটাবেন। রবিবার মুর্শিদাবাদ জেলার বহরমপুরে ভার্চুয়াল সভায় নিজেই সে কথা জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
‘পায়ে চোট নিয়ে গত দেড় মাস জেলায় জেলায় ঘুরেছি। এখন হয়তো আমার পা ভালো হয়ে গিয়েছে, কিন্তু আমি যেহেতু বাড়িতে যেতে পারছি না, তাই প্লাস্টার কাটতে পারছি না। টানা দশ দিন আমি বাড়ির বাইরে আছি। বাড়ি ফিরে এটা আমাকে করতে হবে।’ আজ বললেন মমতা। গত ১০ মার্চ নন্দীগ্রামে প্রচারে গিয়ে পায়ে আঘাত পান তৃণমূল সুপ্রিমো এবং পরীক্ষার পর জানা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের হাড়ে চিড় ধরেছে। প্লাস্টার করা হয়। তার পর থেকে হুইলচেয়ারে বসেই একের পর এক জনসভা করেছেন তিনি।