
আন্তর্জাতিক ডেস্কঃ বেশ কয়েক দিন যাবৎ ভারতে করোনা রোগীদের অক্সিজেনের তীব্র সংকট চলছে। এমনই কঠিন মুহূর্তে অক্সিজেনের ঘাটতি দূর করতে ৮০ মেট্রিক টন অক্সিজেন পাঠিয়েছে সৌদি আরব। রবিবার (২৫ এপ্রিল) সৌদি আরব অক্সিজেনের প্রথম চালান পাঠায়।
ভারতীয় প্রতিষ্ঠান আদানি গ্রুপ ও ব্রিটিশ রাসায়নিক বহুজাতিক প্রতিষ্ঠান লিন্ডের যৌথ সহায়তায় সৌদি আরবের অক্সিজেন পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। রিয়াদের ভারতীয় দূতাবাস এক টুইট বার্তায় এ খবর জানায়। রিয়াদে ভারতীয় দূতাবাস জানায়, ভারতে ৮০ মেট্রিক টন লিকুইড অক্সিজেন পৌঁছে দেওয়ার বিষয়ে আদানি গ্রুপ ও লিন্ড এর সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে ভারতীয় দূতাবাস গর্বিত। এ ছাড়া সব ধরনের সহায়তা, সমর্থন ও সহযোগিতা করায় সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ জ্ঞাপন করেছে ভারতীয় দূতাবাস।