
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতজুড়ে অক্সিজেনের ঘাটতি থাকলেও, উত্তরপ্রদেশে নেই বলে দাবি করেছিলেন রাজ্যটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কিন্তু তার দেওয়া এ তথ্য নিয়েই এবার প্রশ্ন উঠেছে। কারণ উত্তরপ্রদেশে গত ২৪ ঘণ্টায় অক্সিজেনের অভাবে ৮ রোগীর মৃত্যু হয়েছে। রাজধানী দিল্লি ইতোমধ্যেই কেন্দ্র ও অন্যান্য রাজ্যের কাছে আহ্বান জানিয়েছে অক্সিজেন পাঠানোর জন্য। কিন্তু যোগী আদিত্যনাথ জানিয়ে দিয়েছেন, তার রাজ্যের কোনো হাসপাতালে অক্সিজেনের ঘাটতি নেই।
শুধু তাই নয়, আদিত্যনাথ স্পষ্ট করে বলেছেন, সরকারি ও বেসরকারি কোনো হাসপাতালেই অক্সিজেনের ঘাটতি নেই। কালোবাজারি ও অক্সিজেন মজুত করে রাখার ফলে কিছু সমস্যা হয়েছে। একদিন যেতে না যেতেই খবর এলো যে, গত ২৪ ঘণ্টায় প্রদেশটির আগরার পারস হাসপাতালে ৮ জন করোনা রোগী মারা গেছেন। একাধিক হাসপাতালের বাইরে ঝুলতে দেখা গেছে, অক্সিজেন নেই লেখা সাইনবোর্ড। এমনকি জেলাপ্রশাসক প্রভু সিংও অক্সিজেনের ঘাটতির কথা মেনে নিয়েছেন।