
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা আদর পুনেওয়ালাকে বিশেষ নিরাপত্তা দেওয়া হবে। দেশজুড়ে ‘ওয়াই’ ক্যাটাগরির নিরাপত্তা পাবেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বুধবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করেছে। এর আওতায় আদর পুনেওয়ালার জন্য নিরাপত্তা বাহিনীর ১১ জন সদস্য নিয়োজিত থাকবেন। তাঁদের মধ্যে এক বা দুজন থাকবেন কমান্ডো। বাকিরা থাকবেন পুলিশ সদস্য। তিনি দেশের যে প্রান্তেই ভ্রমণ করেন না কেন, তাঁকে এই নিরাপত্তা দেওয়া হবে। আগামী ১ মে থেকে ভারতে তৃতীয় দফা টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। তার আগে দেশটির বৃহত্তম টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রধানের নিরাপত্তায় এই সিদ্ধান্ত এল।