
আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশসহ চারটি দেশ থেকে করোনা চিকিৎসায় ব্যবহৃত ওষুধ রেমডেসিভির সংগ্রহ করতে চাচ্ছে ভারত। যদিও মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গিলিড সায়েন্সেস ভারতকে সাড়ে চার লাখ শিশি রেমডেসিভির সরবরাহ করতে রাজি হয়েছে। এরপরও বাংলাদেশ, মিসর, উজবেকিস্তান ও আরব আমিরাত থেকে ওষুধটি সংগ্রহ করতে চায় ভারত। দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর দিয়েছে।
করোনা ভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত ভারত। এ মুহূর্তে বিশ্বজুড়ে দৈনিক আক্রান্তের হার সবচেয়ে বেশি দেশটিতে। আট দিন ধরে তিন লাখের বেশি করে করোনা রোগী শনাক্ত হচ্ছেন। তার আগে ১৫ এপ্রিল থেকে প্রতিদিন শনাক্ত হন দুই লাখের বেশি করোনা রোগী। আর এক সপ্তাহ ধরে দুই হাজারের বেশি মানুষ মারা যান দেশটিতে। আর গতকাল থেকে দৈনিক মৃত্যু তিন হাজারের বেশি।