
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে আবারও করোনা ভাইরাসের হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ এপ্রিল) মধ্যরাতের পর গুজরাট ভাইরুচের একটি বেসরকারি করোনা ভাইরাস হাসপাতালে আগুন লেগে কমপক্ষে ১৮ জন রোগীর মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।
কর্মকর্তারা জানিয়েছেন, প্যাটেল ওয়েলফেয়ার কোভিড হাসপাতালে প্রায় ৫০ রোগীর চিকিৎসা চলছিল। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে আইসিইউতে আগুন লাগে। সেখানে ২৪ জন রোগী ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। প্রাথমিকভাবে স্থানীয়রা কয়েকজন রোগীকে উদ্ধার করেন। তারইমধ্যে ঘটনাস্থলে আসে দমকল। এক ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে আসে আগুন। শনিবার (১ মে) সকালে এক পুলিশ কর্মকর্তা সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, সকাল সাড়ে ৬টা পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। আগুন লাগার পরেই আমাদের কাছে ১২ জনের মৃত্যুর খবর ছিল। এখন পর্যন্ত মোট ১৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তিনি।