
আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ভারতের আসাম রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজয় মিছিল নিষিদ্ধ করেছে সরকার। এ ছাড়া এই রাজ্যে ৭ মে পর্যন্ত রাত্রিকালীন কারফিউয়ের মেয়াদ বাড়ানো হয়েছে। আসামের বিধানসভা নির্বাচনে কাল ২ মে ভোট গণনা ও ফল ঘোষণা করার কথা রয়েছে। এ কার্যক্রমকে সামনে রেখে গতকাল শুক্রবার রাজ্য সরকার বিজয় মিছিল নিষিদ্ধ করে নির্দেশ জারি করে। এদিনই পৃথক আরেক নির্দেশে রাত্রিকালীন কারফিউর মেয়াদ বাড়ানো হয়।
রাজ্য সরকারের জারি করা নির্দেশনায় বলা হয়, ‘২ মে ২০২১ তারিখে ভোট গণনার সময় ও তারপর যেকোনো স্থানে যেকোনো প্রকার বিজয় মিছিল বা জমায়েত নিষিদ্ধ করা হলো।’ তবে নির্বাচনে বিজয়ী প্রার্থীদের সীমিত পরিসরে বিজয় উদ্যাপনের সুযোগ রেখেছে সরকার। এ ক্ষেত্রে বিজয়ী প্রার্থী দুজনকে সঙ্গে রাখতে পারবেন। তবে আতশবাজি পোড়ানো ও উচ্চ শব্দযন্ত্র বা লাউড স্পিকার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে সবাইকে পরতে হবে মাস্ক।