
আন্তর্জাতিক ডেস্কঃ উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরিয়ে অনেকেই বৃত্তির জন্য বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন। অনেকে ফলাফলের কারণে কয়েকটি বৃত্তি পেয়ে যান। নাইজেরিয়ার এক তরুণীও আবেদন করেছেন বিশ্বের বিভিন্ন বৃত্তির জন্য। ১৭ বছর বয়সী ওই তরুণী বিশ্বের ১৯টি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য বৃত্তি পেয়েছেন। বৃত্তির পরিমাণ ৫০ লাখ ডলার। ভিক্টোরি ইনকা বানজো নামের ওই তরুণী বিপাকে পড়েছেন এত বৃত্তি পেয়ে। কারণ, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার স্বনামধন্য বৃত্তিও পেয়েছেন তিনি। সিদ্ধান্তহীনতায় ভুগছেন তিনি। কোন প্রতিষ্ঠানে পড়ে নিজের ক্যারিয়ার গড়বেন।
মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চমাধ্যমিক পাস বানজোর মা চিকা ইনকা-বানজো লাগোস বিশ্ববিদ্যালয়ের প্রভাষক। বাবা আদিয়াঙ্কা বানজো বেসরকারি খাতের একটি সরবরাহ চেইনের নির্বাহী প্রধান। ভিক্টোরি ইনকা-বানজো বলেন, ‘এখন অবিশ্বাস্য লাগছে। আমি অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করেছিলাম। আসলে আমার ধারণা ছিল, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আমি বৃত্তি পাব না।’যুক্তরাষ্ট্রের আইভি লিগ স্কুল, ইয়েল কলেজ, প্রিন্সটন বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড কলেজ, ব্রাউন বিশ্ববিদ্যালয়, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি), স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, জনস হপকিনস বিশ্ববিদ্যালয় এবং ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশিপ পেয়েছেন বানজো। এ ছাড়া কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে লেস্টার বি. পিয়ারসন স্কলারশিপ এবং ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ক্যারেন ম্যাককালিন আন্তর্জাতিক লিডার টোমুরো (কেমিলট) স্কলারশিপ। সব মিলিয়ে মোট ১৯টি বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশিপ পেয়েছেন তিনি।