
আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে এক জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ৭ জনের মৃত্যু এবং ১৪ জন আহত হয়েছেন। এছাড়া গতকাল শনিবার রাতের এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরো ৫ জন। আজ রবিবার স্থানীয় টিভি চ্যানেলের খবরে এ তথ্য জানানো হয়।
সংবাদ মাধ্যম জিনহুয়ার বরাতে জানা যায়, কাবুল থেকে উত্তরাঞ্চলীয় প্রদেশগামী মহাসড়কের পাশে পার্কিং করা ট্যাংকারে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। কাবুলে প্রবেশের অপেক্ষায় সেখানে প্রায় ৩০ টি তেল ট্যাংকার পার্কিং করা ছিল। কাবুল নগরীর উত্তর উপকণ্ঠে সাকার দারা জেলার এ এলাকায় ধারাবাহিক বিস্ফোরণে ট্যাংকার ধ্বংস হয়। এ বিস্ফোরণে অন্তত ৫০টি ট্যাংকার ক্ষতিগ্রস্ত অথবা ধ্বংস হয়েছে। একটি ফুয়েল পাম্প স্টেশন, একাধিক দোকান এবং বাড়ি বিধ্বস্ত হয়েছে।