
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের বর্ধমানের জামুড়িয়ার প্রার্থী হিসেবে ঐশী ঘোষের পরিচিতি ছিল পুরো ভারতে। আবার ৪৫ বছরের দুর্ভেদ্য বাম ঘাঁটি এটি। এই দুটোই ছিল প্লাস পয়েন্ট। তবে ভোটের ফলে দেখা যাচ্ছে সিপিআইএমের দুটো ‘প্লাস’ কে ভোটাররা ‘মাইনাস’ করে দিয়েছেন। পশ্চিম বর্ধমানের জামুড়িয়া থেকে পরাজিত হয়েছেন সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী ঐশী ঘোষ। এই কেন্দ্রে তৃণমূল সাত হাজারের বেশি ভোটে জয়ী হয়েছে।
জামুড়িয়া থেকে ঐশীর পরাজয়ের খবরে পুরো ভারতে আলোচনা হচ্ছে। কারণ, দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রী এই ঐশী। তিনি ছাত্র আন্দোলনের অতি গুরত্বপূর্ণ নেত্রী। ফলে ঐশী প্রার্থী হতেই আলোচনায় চলে আসেন তিনি। তিনি পরাজিত হতেই আবার আলোচনা শুরু হয়েছে। ১৯৭৭ সাল থেকে জামুড়িয়ায় টানা জয়ী সিপিআইএম এবার ২০২১ সালে হারল।
বিধানসভা নির্বাচনে রাজ্যটির অন্যতম নজরকাড়া কেন্দ্র ছিল জামুড়িয়া। ঐশীর জন্য গতবারের সিপিআইএম বিধায়ক জাহানারা খান কে প্রার্থী করা হয়নি। দলীয় শৃঙ্খলা মেনে লাগাতার প্রচার করেন জাহানারা। জামুড়িয়ার সিপিআইএমের সংগঠন মজবুত থাকায় ঐশীকে নিয়ে বাম মহলে আশা ছিল প্রবল। ফলাফল বলছে, ভাঙা পায়ে মমতা যা খেলেছেন তাতে কুপোকাত দেশের সর্বাধিক আলোচিত ছাত্র ইউনিয়নের নেত্রী। যার উপর হামলায় মমতা নিজেও গর্জে উঠেছিলেন।