
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে আলোচিত নন্দীগ্রাম আসনে ভোট লুট হয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আসনে ভোটের ফল নিয়ে নাটকীয়তা তৈরি হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ অভিযোগ করেন।
মমতা বলেন, ‘নন্দীগ্রামের মানুষের রায় মেনে নিচ্ছি। কিন্তু ওখানে ভোট লুট হয়েছে। আদালতে যাব আমরা।’ নন্দীগ্রামে মমতা জিতেছেন, নাকি শুভেন্দু অধিকারী জিতেছেন তা নিয়ে ধোঁয়াশা দেখা দেয় সন্ধ্যায়। সংবাদ সংস্থা এএনআই টুইট করে জানায়, হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১২০০ ভোটে জিতেছেন মমতা। কিন্তু পরে জানা যায়, শুভেন্দু জিতেছেন। তিনি নিজেই জানান সে কথা। রবিবার ভারতীয় সময় সকাল ৮টায় শুরু হয়েছে ভোট গণনা। সকাল থেকে ভোটের খবরে বড় আকর্ষণ ছিল নন্দীগ্রাম। সেখানে দীর্ঘ সময় পিছিয়ে ছিলেন মমতা। তবে দুপুর ২টার পর থেকে পরিস্থিতি পাল্টাতে থাকে। ১৫ রাউন্ড গণনার শেষে মমতা প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারীর চেয়ে এগিয়ে যান। তবে শেষ হাসি হাসেন শুভেন্দু।