
নিউজ ডেস্কঃ আফ্রিকার নাইজারে সেনাবাহিনীর অভিযানে সন্দেহভাজন ২৪ সন্ত্রাসী নিহত হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলে আটক হওয়ার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তারা সৈন্যদের হাতে নিহত হয়। গতকাল রবিবার এ তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সন্দেহভাজন এ সন্ত্রাসীরা বনিবানগৌ শহর মার্কেটে হামলা চালানোর পরিকল্পনা করছিল। তবে এ ব্যাপারে সেনাবাহিনীর সদস্যরা সতর্ক থাকায় ২৮ এপ্রিল ২৬ জন গ্রেপ্তার হয়।
গুলি বিনিময়ের পর তাদেরকে আটক করা হয়।তখন গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ায় এদের একজন মারা যায়। মন্ত্রণালয় জানায়, পার্শ্ববর্তী চিনাগোদারে নেওয়ার জন্য অপেক্ষা করার সময় এক নিরাপত্তা কর্মীর অস্ত্র কেড়ে নিয়ে সন্দেহভাজন এসব সন্ত্রাসী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তারা জানায়, সতর্কতামূলক-ভাবে ছোড়া গুলির সংকেত উপেক্ষা করে বন্দিরা পালানোর চেষ্টা করলে সেনাবাহিনীর গুলিতে ২৪ জন সন্ত্রাসী মারাত্মকভাবে আহত হন এবং পরে তারা মারা যায়। এ সময় সন্ত্রাসীদের একজন পালিয়ে যেতে সক্ষম হয়।