
আন্তর্জাতিক ডেস্কঃ ইসরাইল অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে গুলিবর্ষণে তিন ইসরাইলি সেনা আহত হয়েছে বলে নিশ্চিত করেছে ইরানের গণমাধ্যম পার্সটুডে। ইসরাইলের সামরিক বাহিনীর বরাতে তারা জানায়, রোববার (০২ মে) পশ্চিম তীরের নাবলুস শহরের তাপুয়াহ জংশনের কাছে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে।
ফিলিস্তিনি যোদ্ধারা হঠাৎ গাড়িতে এসে অতর্কিতে ইসরাইলি সেনাদের ওপর হামলা চালায়। এতে তিন ইসরাইলি আহত হয় যার মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। ইসরাইলি সেনারা তাৎক্ষণিকভাবে ফিলিস্তিনি গেরিলাদের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় তবে গাড়িটি নিরাপদে পালিয়ে যেতে সক্ষম হয়। অধিকৃত ফিলিস্তিনজুড়ে গত কয়েকদিন ধরে ইসরাইলি বাহিনী ব্যাপকভাবে ধরপাকড় ও নির্যাতন চালাচ্ছে। এ নিয়ে সেখানে দুপক্ষের মধ্যে প্রচণ্ড উত্তেজনা বিরাজ করছে।