
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোট পববর্তী সংঘর্ষে রক্তাক্ত হয়েছে পূর্ব বর্ধমান। ভোটের ফল প্রকাশের পর রায়নার সমাসপুর এবং জামালপুরের নবগ্রামে তৃণমূল-বিজেপি সংঘর্ষ হয়েছে। দু’টি পৃথক ঘটনায় একজন নারীসহ মোট চারজন নিহত হয়েছে এবং আহত হয়েছে বেশ কয়েকজন। পুলিশ বলছে, নিহতদের মধ্যে তিন জন তৃণমূল এবং বিজেপির একজন নারী সমর্থক রয়েছেন।
বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই পশ্চিমবঙ্গে চলছে রাজনৈতিক সংঘর্ষ আর প্রাণহানির ঘটনা। গত রবিবার রাতেও রায়নার সমাসপুরে তৃণমূল এবং বিজেপি সমর্থকদের সংঘর্ষ হয়। সে সময় স্থানীয় বাসিন্দা গণেশ মালিকের (৬০) মাথায় বাঁশের আঘাত লাগে। গুরুতর জখম গণেশকে রাতেই পাঠানো হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই তার মৃত্যু হয়।