
আন্তর্জাতিক ডেস্কঃ অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও পাবলিক সেক্টর সম্পর্কিত অপরাধের অভিযোগে কাতারের অর্থমন্ত্রী আলী শরিফ আল-ইমাদী গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার (৬ মে) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটি। খবার রয়টার্সের। বিবৃতিতে উল্লেখ করা হয়, অভিযোগের কাগজপত্র ও তথ্যাদি পর্যালোচনার পর এ সিদ্ধান্ত নিয়েছে কাতার সরকার। তার বিরুদ্ধে এখন তদন্ত চলছে।
ইমাদী ২০১৩ সাল থেকে উপসাগরীয় ধনী এ দেশটির অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন। তিনি কাতার ইনভেস্টমেন্ট অথরিটির শক্তিশালী ৩০ হাজার কোটি ডলারের সার্বভৌম তহবিলের বোর্ডের দায়িত্বে রয়েছেন। কাতার ন্যাশনাল ব্যাংকের বোর্ডেরও চেয়ারম্যান তিনি। এটি মধ্যপ্রাচ্য ও আফ্রিকার সবচেয়ে বড় ঋণ দেওয়া ব্যাংক। ইমাদী ২০১৪-১৫ অর্থবছরে কাতারের অর্থনৈতিক নীতিমালা প্রণয়নের দায়িত্বে ছিলেন যা কাতারসহ অন্য উপসাগরীয় দেশগুলোতে অর্থনৈতিক বৈচিত্র্য আনার পরিকল্পনা ত্বরান্বিত করেছিল। তরলকৃত গ্যাসের অন্যতম নেতৃত্বস্থানীয় দেশ কাতার।