
আন্তর্জাতিক ডেস্কঃ এ বছরের জুনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। ২০১৭ সালে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি আহমেদিনেজাদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছিলেন।
তবে এবার তিনি নির্বাচনের জন্য নিবন্ধনে সমর্থ হয়েছেন। এদিকে কোনো প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় বাধা হয়ে দাঁড়াবেন না বলে ঘোষণা দিয়েছেন খামেনি। তবে নির্বাচনী কাউন্সিল চাইলে আহমেদিনেজাদের প্রার্থিতা আটকে দিতে পারে। গতকাল মঙ্গলবার থেকে ইরানে নির্বাচনের জন্য প্রার্থী নিবন্ধন কার্যক্রম শুরু হয়। এবারের নির্বাচনে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু চুক্তি এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্কনীতি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।