
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বরতা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। একইসঙ্গে যুদ্ধবিরতির আহ্বান জানান সংস্থাটির মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস। তবে নিরাপত্তা পরিষদের বিবৃতি প্রকাশে ভেটো দিয়েছে ইসরায়েলের বন্ধু রাষ্ট্র যুক্তরাষ্ট্র। এদিকে ইসরায়েলকে সমর্থন দেয়ায় বাইডেনের দাওয়াত বর্জন করেছে মুসলিম নেতারা। রোববার ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে জরুরি ভার্চুয়াল বৈঠক করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এসময় সদস্যদেশগুলোর প্রতিনিধিরা চলমান সংঘাত বন্ধে সম্মতি প্রকাশ করেন। বৈঠকে অংশ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলার নিন্দা জানান বেশিরভাগ সদস্যদেশ। এসময় যুদ্ধবিরতির আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস। তিনি বলেন, একদিকে রকেট হামলা অন্যদিকে বিমান থেকে বোমা হামলা। এই সংঘাত অবশ্যই বন্ধ হতে হবে। ইসরায়েল ও ফিলিস্তিন দুই রাষ্ট্রকেই এগিয়ে আসতে হবে। তবে, নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির খসড়া বিবৃতি প্রকাশে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসনের এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে চীন।