
আন্তর্জাতিক ডেস্কঃ কম্বোডিয়ার রাজধানী নমপেন থেকে ৭০ কিলোগ্রাম মাদকসহ চীনের দুইজন নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তারা সেখান থেকে ভিয়েতনামে মাদক পাচারের চেষ্টা করছিল। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আটক একজনের বয়স ৪০ বছর এবং অন্যজনের বয়স ৫৮ বছর। মাদক মামলায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার শঙ্কা রয়েছে।
নম পেনে গত সপ্তাহে পুলিশি অভিযানের সময় তারা আটক হয়েছেন। পুলিশ তাদের কাছ থেকে ৫২ হাজার ৭৬৮ পিস মাদক ট্যাবলেট, ৪৯ কেজি হেরোইন এবং ১২ কেজি অন্য মাদক পেয়েছে। পুলিশ আরো জানিয়েছে, একসঙ্গে এত পরিমাণ মাদক উদ্ধারের ঘটনা সে দেশে নতুন রেকর্ড। এর আগে সে দেশে সর্বোচ্চ ৫০ কেজি মাদক একসঙ্গে জব্দ হয়েছে।