News71.com
 International
 20 May 21, 07:21 PM
 320           
 0
 20 May 21, 07:21 PM

পশ্চিমবঙ্গে চিন্তা বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘যশ’।।

পশ্চিমবঙ্গে চিন্তা বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘যশ’।।

 

নিউজ ডেস্কঃ আশঙ্কা উড়িয়ে বাস্তবে রূপ নিতে চলেছে ঘূর্ণিঝড় যশ। কলকাতা আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে, বঙ্গোপসাগরে ধীরে ধীরে ঘণীভূত হচ্ছে ঘূর্ণিঝড়টি, যা আগামী বুধবার (২৬ মে) সন্ধ্যা নাগাদ পশ্চিমবঙ্গ-উড়িষ্যা উপকূলে আছড়ে পড়তে পারে। তার আগের সন্ধ্যা থেকে রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে শুরু হয়ে যাবে ভারী বৃষ্টি। এবারের ঘূর্ণিঝড় যশের নামকরণ করেছে ওমান। তবে ঘূর্ণিঝড়ের তীব্রতা ঠিক কতটা হতে পারে এবং প্রথম কোথায় আছড়ে পড়বে, সে ব্যাপারে আবহাওয়া দপ্তর এখন বিস্তারিত কিছু জানায়নি। কলকাতা আবহাওয়া দপ্তরের কর্মকর্তা জিসি দাস জানান, দু’একদিনের মধ্যে যশ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।

 

দিল্লির আবহাওয়া ভবনের তরফে বুধবার জানানো হয়েছে, আগামী শনিবার (২২ মে) আন্দামান সাগর ও সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। যা উত্তর-পশ্চিম দিক থেকে অগ্রসর হয়ে ২৬ মে সন্ধ্যা নাগাদ পশ্চিমবঙ্গ-উড়িষ্যা উপকূলে আছড়ে পড়বে বলে মনে করছেন তারা। গতিমুখ বাংলাদেশের দিকে থাকবে বলেও জানা যাচ্ছে। ভারতের উড়িষ্যা রাজ্য থেকে বাংলাদেশের সুন্দরবন-চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত হতে পারে যশ। নিম্নচাপটি তৈরি হওয়ার সময় সমুদ্রে ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৬৫ কিলোমিটার হতে পারে বলে জানানো হয়েছে। তারপর ঝড়ো হাওয়ার গতিবেগ বাড়তে থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন