
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ বা মিউকরমাইকোসিসকে মহামারি ঘোষণা করা হয়েছে। দেশটির রাজ্যে রাজ্যে বাড়ছে কালো ছত্রাকের সংক্রমণ। কারো ত্বকে ক্ষত তৈরি হচ্ছে, কারো ফুসফুস-কিডনি সংক্রমিত, মস্তিষ্ক থেকে চোখ, ছত্রাকের বিষাক্ত রেণুতে আক্রান্ত হচ্ছে শরীরের নানা অঙ্গ-প্রত্যঙ্গ। রোগ গুরুতর হয়ে মৃত্যুর ঘটনাও ঘটে চলেছে। মিউকরমাইকোসিসের চিকিৎসার অনেক পদ্ধতি আছে। তবে কভিড রোগীদের শরীরে যে ধরনের সংক্রমণ দেখা যাচ্ছে তা রোখার জন্য নতুন করে গবেষণা শুরু করেছেন বিভিন্ন দেশের বিজ্ঞানীরা।
যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসের দ্য লান্ডকুইস্ট ইনস্টিটিউট অব বায়োমেডিক্যাল ইনোভেশনের মাইক্রোবায়োলজিস্ট ডক্টর আশরাফ ইব্রাহিম অ্যান্টিবডি দিয়ে কালো ছত্রাকের রোগ সারানোর নতুন পদ্ধতি উদ্ভাবন করেছেন। ডক্টর আশরাফ ভাইটালেক্স বায়োসায়েন্স নামে একটি রিসার্চ কম্পানির কর্ণধার। তাঁর সংস্থায় ছত্রাক, পরজীবী এবং নানা সংক্রামক রোগ সৃষ্টিকারী ভাইরাস, ব্যাকটেরিয়া নিয়ে গবেষণা হয়। রোগের চিকিৎসা পদ্ধতিও বের করা হয়।