
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনের পক্ষে করা একটি মিছিলে বোমা হামলা হয়েছে। এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। বেলুচিস্তান সরকারের মুখপাত্র লিয়াকত শাহওয়ানির বরাতে এ তথ্য জানানো হয়। ডনের প্রতিবেদনে বলা হয়, ‘দেশটির দক্ষিণপশ্চিমে আফগানিস্তান সীমান্তবর্তী চমন নগরীতে আজ শুক্রবার এ বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদেরকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
স্থানীয় পুলিশ প্রধান জাফর খান টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, পাকিস্তানের একটি কট্টর ধর্মীয় দল ফিলিস্তিনের পক্ষে ওই মিছিলের আয়োজন করেছিল। ওই দলের নেতার গাড়ি লক্ষ্য করে একটি মোটরসাইকেল চালিয়ে দেওয়া হয়, যেটিতে বোমা রাখা ছিল। মিছিল শেষে লোকজন যখন ফিরে যাচ্ছিলেন তখনই বোমার বিস্ফোরণ ঘটে বলেও জানান তিনি।