
আন্তর্জাতিক ডেস্কঃ নাইজেরিয়ার সেনাপ্রধান লেফটেন্যান্ট ইবরাহিম আতাহিরু বিমান দুর্ঘটনায় মারা গেছেন। সে দেশের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের কাদুনায় বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।
জানা গেছে, খারাপ আবহাওয়ার কারণে বিমান অবতরণের চেষ্টাকালে দুর্ঘটনাটি ঘটে। বিমানের ক্রুসহ আরো ১০ জন কর্মকর্তাও এ ঘটনায় নিহত হয়েছেন। সে দেশের প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি বলেছেন, দুর্ঘটনার খবর শুনে তিনি গভীরভাবে দুঃখ পেয়েছেন। ইবরাহিম আতাহিরুর বয়স হয়েছিল ৫৪ বছর। নাইজেরিয়ার বিমান বাহিনী জানিয়েছে, কাদুনা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার সময় বিমান দুর্ঘটনাটি ঘটে।