
আন্তর্জাতিক ডেস্কঃ যখন চীন করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কথা প্রকাশ করল, তার আগেই ২০১৯ সালের নভেম্বরে উহান ইন্সটিটিউট অব ভাইরোলজির তিনজন গবেষক হাসপাতালে গিয়েছিলেন করোনার সেবা নিতে। যুক্তরাষ্ট্রের একটি অপ্রকাশিত গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে গতকাল রবিবার এই তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। চীনে কতজন গবেষক আক্রান্ত হয়েছিলেন, তাদের অসুস্থতার সময়কাল এবং হাসপাতালে যাওয়ার নতুন বিশদ তথ্য রয়েছে ওই গোয়েন্দা প্রতিবেদনে।
পত্রিকাটি বলছে, গবেষণাগার থেকে নতুন এই ভাইরাস ছড়িয়েছে কিনা, সে ব্যাপারে আরো বিস্তৃত অনুসন্ধানের দাবিকে জোরালো করে তুলেছে এই গোয়েন্দা প্রতিবেদন। কভিড-১৯ এর উৎস খুঁজতে নতুন তদন্ত শুরুর বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিনির্ধারনী কমিটির বৈঠক শুরুর আগে এই তথ্য প্রকাশ করা হয়।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন সম্পর্কে কোনো মন্তব্য না করলেও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের একজন মুখপাত্র জানিয়েছেন, মহামারীর প্রথম দিকে চীন থেকে ভাইরাসটির যে ধরণগুলো ছড়িয়েছে সে ব্যাপারে বাইডেন প্রশাসনের প্রশ্ন রয়েছে। মহামারীর উৎস খুঁজতে বিশেষজ্ঞ পর্যায়ের অনুসন্ধান কার্যক্রমে সহায়তা দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করছে বলে জানান তিনি। এই অনুসন্ধান কার্যক্রমটি সবধরনের ‘হস্তক্ষেপ ও রাজনৈতিক প্রভাবমুক্ত’ বলেও জানান ওই মুখপাত্র। এই অনুসন্ধানের ব্যাপারে চীনের কাছ থেকে সহযোগিতা ও স্বচ্ছতা আশা করছে যুক্তরাষ্ট্র। তবে ওয়াশিংটনে চীনা দূতাবাসের কোনো বক্তব্য ওইদিন জানা যায়নি।