
আন্তর্জাতিক ডেস্কঃ এখনো পর্যন্ত ভারতে ১১ হাজার ৭১৭ জন ব্ল্যাক ফাঙ্গাস রোগী শনাক্ত হয়েছে। এ রোগের প্রাদুর্ভাব বেশি গুজরাট, মহারাষ্ট্র ও অন্ধ্র প্রদেশে। বুধবার (২৬ মে) এখবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, মহারাষ্ট্রে ব্ল্যাক ফাঙ্গাস রোগী পাওয়া গেছে দুই হাজার ৭৭০ জন, গুজরাটে দুই হাজার ৮৫৯ জন এবং অন্ধ্র প্রদেশে শনাক্ত হয়েছে ৭৬৮ জন।
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) ব্ল্যাক ফাঙ্গাস সম্পর্কে বলেছে, এটি একটি ছত্রাকের সংক্রমণ যা 'প্রধানত এমন লোকজনকে প্রভাবিত করে যারা মেডিক্যাল সমস্যায় ভুগছেন এবং তাদের পরিবেশগত প্যাথোজেনগুলোর বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা হ্রাস করে'। চোখ বা নাকের চারপাশে ব্যথা এবং লালভাব, জ্বর, মাথাব্যথা, কাশি, শ্বাসকষ্ট, রক্তাক্ত বমি এবং পরিবর্তিত মানসিক অবস্থা হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাসে কয়েকটি লক্ষণ। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ডায়াবেটিসের রোগীদের সব সময় তাদের ব্লাড সুগার লেভেল নিরীক্ষণ ও নিয়ন্ত্রণ করতে হবে। পাশাপাশি স্টেরয়েডের অপব্যবহার এড়িয়ে চলতে হবে।