
আন্তর্জাতিক ডেস্কঃ কভিডের কারণে অনেকেরই হৃদযন্ত্র, ফুসফুস বা স্নায়ুর ক্ষতি হচ্ছে—চিকিৎসকরা তা বহুদিন ধরেই বলছেন। হালের গবেষণায় উঠে এলো আরো এক তথ্য। কভিড সংক্রমণের ফলে পুরুষের যৌনক্ষমতা হ্রাস পাচ্ছে। গত মার্চে পুরুষ মনস্তত্ত্ববিষয়ক আন্তর্জাতিক সাময়িকী অ্যান্ড্রোলজিতে এক নিবন্ধে এমনই দাবি করেছেন সারা পৃথিবীর বেশ কয়েকজন মনোবিদ।
কভিড সংক্রমণ-পরবর্তী স্বাস্থ্যের হাল নিয়ে সম্প্রতি এক সমীক্ষায় চালানো হয়েছিল ইতালির পুরুষদের ওপর। সেই সমীক্ষার ফলই প্রকাশিত হয়েছে অ্যান্ড্রোলজিতে। সমীক্ষায় দেখানো হয়েছে, কভিড সংক্রমণের ফলে বহু পুরুষের হৃদযন্ত্র ও শিরা-ধমনির নানা সমস্যা দেখা দিয়েছে, যার প্রভাব পড়েছে যৌনাঙ্গে। পর্যাপ্ত পরিমাণে রক্ত সেখানে পৌঁছতে পারছে না। ফলে সঙ্গমকালে যৌনাঙ্গের শিথিলতা কাটিয়ে উঠতে পারছেন না এই রোগে আক্রান্ত পুরুষরা। চিকিৎসার পরিভাষায় যাকে ‘ইরেকটাইল ডিসফাংশন’ (ইডি) বলা হয়, সেই সমস্যায় আক্রান্ত হচ্ছেন তাঁরা।