
আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটেনে নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত হাবিবুর রহমান। ৮০০ বছরের ইতিহাসে নিউক্যাসেলে প্রথম কোনো অশ্বেতাঙ্গ হিসেবে লর্ড মেয়র পদে নিয়োগ দেয়া হয়েছে তাকে। বুধবার এ দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন তিনি। এ সময় বক্তব্যে তিনি পিতামাতার প্রতি অসীম শ্রদ্ধা প্রকাশ করেন। সব ধর্ম, বর্ণ, গোত্রের মানুষের জন্য সমান কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা হাবিবুর রহমানের প্রশংসায় পঞ্চমুখ। বিবিসিসহ মূলধারার গণমাধ্যমে বেশ গুরুত্ব সহকারে হাবিবুরের এই অর্জনের সংবাদ প্রকাশিত হয়েছে।
হাবিবুর রহমান মাত্র ১২ বছর বয়সে ১৯৮৫ সালে পিতামাতা ও ৬ ভাইয়ের সঙ্গে বাংলাদেশ ছেড়ে ব্রিটেনের টাইনসাইডে চলে যান।তখন তিনি ইংরেজি বলতেই পারতেন না। অথচ তিনি এখন এলসউইকের নির্বাচিত কাউন্সিলর। নিউক্যাসলে লর্ড মেয়র পদে তিনি ডেভিড কুকের স্থলাভিষিক্ত হয়েছেন। তার এ নিয়োগ এক বছর বিলম্বিত হয়েছে করোনা ভাইরাসের কারণে। বার্ষিক জেনারেল মিটিংয়ে তিনি নিউক্যাসল সিটি কাউন্সিলে এ পদে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হন। তিনি বিরোধী লেবার দলের সমর্থক। দুই বছর নিউক্যাসেল শেরিফ এবং ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন হাবিব। মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পরই তিনি গভীর আবেগঘন বক্তব্য রেখেছেন। এ সময়ে তিনি উৎসাহ দেয়ার জন্য তার মায়ের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেছেন। সরাসরি তার প্রয়াত পিতা আজিজুর রহমানকে নিয়ে বক্তব্য রেখেছেন।