
আন্তর্জাতিক ডেস্কঃ ঘূর্ণিঝড় ইয়াস পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে ভারতের পশ্চিমবঙ্গে যাচ্ছেন সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শুক্রবার উড়িষ্যার বালেশ্বর এবং ভদ্রক পরিদর্শনের পর পশ্চিমবঙ্গে যাওয়ার কথা মোদির। নরেন্দ্র মোদির সচিবালয়ের (পিএমও) বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার কলাইকুণ্ডায় তার নামার কথা। ইয়াস-এর দাপটে রাজ্যের ক্ষয়ক্ষতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গেও তার বৈঠক হওয়ার কথা রয়েছে।
ইয়াস-এর জেরে হওয়া ক্ষয়ক্ষতি নিয়ে এরই মধ্যে সংশ্লিষ্ট রাজ্যগুলোর কাছ থেকে রিপোর্ট সংগ্রহ করেছে কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে আসছেন মোদি। জানা গেছে, ঘূর্ণিঝড় বিধ্বস্ত উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ যাবেন মোদি। শুক্রবার দিল্লি থেকে প্রথমে যাবেন ভুবনেশ্বর। সেখানে উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে বৈঠক করার কথা প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর সফরের খবর পেয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা করানো শুরু হয়েছে পুলিশের কর্মীদের।