
আন্তর্জাতিক ডেস্কঃ চীন থেকে দেড় কোটি ডোজ টিকা কিনছে সরকার। প্রতি ডোজের দাম পড়বে ১০ মার্কিন ডলার বা ৮৫০ টাকা। গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে এসংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে সরকার প্রতি ডোজ টিকা কিনেছিল পাঁচ ডলারে। সে হিসাবে চীনের প্রতি ডোজ টিকার মূল্য পড়ছে ভারতের চেয়ে দ্বিগুণ।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহিদা আক্তার সাংবাদিকদের জানান, চীনা প্রতিষ্ঠান সিনোফার্ম থেকে সার্স কোভ-২ ভ্যাকসিন কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। জনস্বাস্থ্য সংরক্ষণ ও করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ভ্যাকসিন কার্যক্রম অব্যাহত রাখতে এ অনুমোদন দেওয়া হয়। তিনি জানান, প্রতি ডোজের দাম পড়বে ১০ ডলার। দেড় কোটি ডোজ টিকার মোট দাম পড়বে ১৫ কোটি ডলার। বাংলাদেশি টাকায় এর পরিমাণ দাঁড়ায় এক হাজার ২৬৭ কোটি ৫০ লাখ টাকা।