
অন্তর্জাতিক ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ার কারণেই ভারতজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে বলে অভিযোগ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সাবেক এ কংগ্রেস সভাপতি শুক্রবার (২৮ মে) ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে বলেন, কোভিডের প্রথম ঢেউ কেউ আঁচ করতে পারেনি। কিন্তু দ্বিতীয় ঢেউয়ের জন্য প্রধানমন্ত্রীই দায়ী। তার নাটকবাজি ও দায়িত্ব পালনে ব্যর্থতাই এর জন্য দায়ী। খবর আনন্দবাজার পত্রিকার।
মোদীকে একজন ‘ইভেন্ট ম্যানেজার’ হিসেবে বর্ণনা করে রাহুল বলেন, মুশকিলটা হলো উনি (মোদী) একসঙ্গে একাধিক ইভেন্ট সামলাতে পারেন না। একটি ইভেন্টের আয়োজন করবেন। সেটিকে ঘিরেই কার্যকলাপ চলবে। কিন্তু সঙ্কটের এই পরিস্থিতিতে ইভেন্ট ম্যানেজার নয়, দেশের প্রয়োজন একজন দক্ষ প্রশাসকের। ভাইরাস সংক্রমণ সম্পর্কে মোদী অজ্ঞ বলেও অভিযোগ করেছেন রাহুল। পাশাপাশি, কেন্দ্রের গণটিকাকরণ নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তার মন্তব্য, এখনও পর্যন্ত দেশের মোট জনসংখ্যার মাত্র ৩ শতাংশকে টিকা দেওয়া হয়েছে। বাকিরা সংক্রমণের মুখে।