
আন্তর্জাতিক ডেস্কঃ বান্ধবী ক্যারি সিমন্ডসকে ওয়েস্টমিনিস্টার ক্যাথেড্রালের এক গোপন অনুষ্ঠানে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরসি জনসন বিয়ে করেছেন বলে খবর বেরিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল শনিবার একেবারে ঘনিষ্ঠ কিছু আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠানটি হয়েছে।
যদিও, এ ব্যাপারে ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে কোনো ধরনের বক্তব্য দিতে অস্বীকৃতি জানানো হয়েছে। ওয়ার্কস অ্যান্ড পেনশনস সেক্রেটারি টেরেস কফি এক টুইট বার্তায় লিখেছেন, আজকের বিবাহ উপলক্ষে বরিস জনসন এবং ক্যারি সিমন্ডসকে অভিনন্দন। আজ রবিবার ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, অনুষ্ঠানটিতে ৩০ জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ইংল্যান্ডে করোনাভাইরাস মহামারিকালীন নিয়ম অনুযায়ী কোনো অনুষ্ঠানে অভ্যাগতের সর্বোচ্চ অনুমোদিত সংখ্যাই হচ্ছে ৩০ জন।