
আন্তর্জাতিক ডেস্কঃ সন্ধ্যায় হাঁটতে হাঁটতে চুল কাটার সেলুনে যাচ্ছিলেন আইনজীবী ও সামাজিক মাধ্যম কর্মী শফিক আহমদ। চলতে চলতেই হঠাৎ তার মনে হয়- কেউ তাকে অনুসরণ করছে। তার ধারণা হলো- হয়তো তাকে অপহরণ করা হতে পারে। ঠিক সেটাই ঘটে। কয়েক মুহুর্ত পরই একদল লোক এসে তাকে ধরে ফেলে এবং কাছেই রাখা একটি গাড়ির পেছনের সিটে তাকে জোর করে তুলে বসিয়ে দেয়।
ঘটনাটি ২০১৯ সালের ডিসেম্বর মাসের। পূর্বাঞ্চলীয় ওকারা শহরের রাস্তায় বসানো সিসিটিভিতে পুরো ঘটনা ধরা পড়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ৩৭ বছর বয়সী শফিক আহমদ প্রাণপণে ধস্তাধস্তি করছেন নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য, আর আক্রমণকারীরা আশপাশের পথচারীদের সতর্ক করছে, যেন তারা ব্যাপারটাতে নাক না গলায়। আহমেদকে তুলে নিয়ে গাড়িটা অদৃশ্য হয়ে যাওয়ার পর কয়েক সপ্তাহ পর্যন্ত তার কোনো খবরই কেউ জানতে পারেনি।
শফিক আহমদের বিশ্বাস, যে লোকেরা তাকে অপহরণ করেছিল, তারা পাকিস্তানের গোয়েন্দা সংস্থার লোক। আহমেদ ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রশাসন এবং দেশটির শক্তিশালী সামরিক বাহিনীর একজন কড়া সমালোচক। অনেকেই অভিযোগ করেন, পর্দার আড়াল থেকে সামরিক বাহিনীই পাকিস্তানের রাজনীতির অন্যতম নিয়ন্ত্রণকারীর ভূমিকা পালন করে। শফিক আহমদের অন্তর্ধান এবং তার ওপর যে অত্যাচার করা হয়, তা অনেকের মতে ছিল এক বৃহত্তর 'ক্র্যাকডাউনের' অংশ - যার টার্গেট হলো ভিন্নমতাবলম্বীরা।