
আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারে জান্তা সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের সংবাদ প্রচার করায় দুই সাংবাদিককে কারাদণ্ড দিয়েছে দেশটির জান্তা সরকার। গতকাল বুধবার দেশটির দক্ষিণাঞ্চলে মাইয়েক শহরের একটি সামরিক আদালত তাদের দুই বছরের কারাদণ্ড দেন। কারাদণ্ড পাওয়া দুই সাংবাদিক হলেন- ডেমোক্র্যাটিক ভয়েস অব বার্মায় (ডিভিবি) কর্মরত অং কিয়াও এবং মিজিমা নিউজের ফ্রিল্যান্স রিপোর্টার জাও জাও।
ওই দুই সাংবাদিকদের বিরুদ্ধে 'ভুয়া খবর' ছড়ানোর অভিযোগ এনে উপনিবেশিক আমলের একটি আইনে তাদের দণ্ড দেওয়া হয়েছে। সম্প্রতি 'ভুয়া খবর' ছড়ানো ঠেকাতে উপনিবেশিক আমলের একটি আইন সংশোধন করেছে জান্তা সরকার। গত ১ ফেব্রুয়ারি এক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাত করে রাষ্ট্রক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। এরপর থেকে দেশটিতে চলছে অভ্যু্ত্থানবিরোধী বিক্ষোভ। চলমান বিক্ষোভে এখন পর্যন্ত ৮৪১ জন নিহত হয়েছেন।